কাপ্তাইয়ে এম এন লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হিল ভয়েস, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, রাঙ্গামাটি: গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটির উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মিলনায়তনে এম এন লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের কাপ্তাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কাপ্তাই উপজেলা কমিটি ও রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মনুচিং মারমা এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার।

এছাড়াও, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের রাঙ্গামাটি জেলা শাখা সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, নাগরিক সমাজের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা অনিল মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের রাঙ্গামাটি জেলা শাখার সদস্য অনুপম খিয়াং, পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি কেতন তঞ্চঙ্গ্যা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপ্তাই উপজেলা শাখার দপ্তর সম্পাদক মেম্বার অংসাচিং মারমা এবং এম এন লারমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন প্রিয়াঙ্কা তঞ্চঙ্গ্যা।

আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, এম এন লারমার দেখানো চিন্তা-চেতনা, দর্শন, নীতি-আদর্শকে লালন করে সকল জাতিসত্তাকে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমাদের ছাত্র ও যুব সমাজকে আরো অধিকতর সংগ্রামী হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনকে তথা অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে হবে।

আলোচকবৃন্দ আরো বলেন, এম এন লারমার জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়। আগামী দিনের কঠিন বাস্তবতার মুখোমুখি হলেও জুম্ম জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে এম এন লারমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কাপ্তাই উপজেলায় প্রায় ছয়/সাতটি আদিবাসী জাতির বসবাস। তাই এই ভিন্ন ভাষার, সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় একতাবদ্ধ হয়ে জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, আজকে এম এন লারমা ৮৭তম জন্মবার্ষিকী। তিনি মাত্র মাত্র ৪৪ বছর বেঁচেছিলেন। এই ক্ষণজন্মের মধ্যেও তিনি অধিকারহারা ও নিপীড়িত মানুষের জন্য যে কাজ করে গেছেন তা ইতিহাসে অনন্য। আমাদেরকে তারই নীতি আদর্শকে লালন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে চুক্তির বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদেরকে এম এন লারমার দেখানো জুম্ম জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

More From Author