হিল ভয়েস, ১৬ এপ্রিল ২০২৬, বিশেষ প্রতিবেদক: অবশেষে পার্বত্য চট্টগ্রাম এলাকায়ও হামের হানা শুরু হয়েছে বলে জানা গেছে।
গত ১১ এপ্রিল ২০২৬ বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত রিংলত ম্রো পাড়া গ্রামে হামে আক্রান্ত হয়ে ২ ম্রো শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরো অনেক শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
হামে মারা যাওয়া শিশুদের নাম: ১। জংরুং ম্রো (৩ মাস), পিতা- লেংক্লাং ম্রো, মাতা- কামবুং ম্রো এবং ২। খতং ম্রো (৭ মাস), পিতা- লুকুন ম্রো, মাতা- কাইরু ম্রো। তারা উভয়েই কুরুকপাতা ইউনিয়নের রিংলত ম্রো পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, হামে আক্রান্ত কিছু রোগীকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও, অধিকাংশ শিশু কুরুপ পাতা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় উপযুক্ত চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে।
জায়গাটির যোগাযোগ ব্যবস্থা দূর্গম হওয়ায় এখনো রোগীর সঠিক হিসাব কিংবা বর্তমান সামগ্রিক অবস্থা সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে এটি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সমতল অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের ৬ এপ্রিলের তথ্য অনুযায়ী, হাম সন্দেহে সারা দেশে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে আট হাজারের বেশি শিশু। ১ হাজার ৯৯ জনের নিশ্চিত হাম হয়েছে। ১১৮ জন শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে।