হিল ভয়েস, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদক: অপহরণের ১০ দিন পর এক লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের আওতাধীন মাছ্যছড়া নিবাসী অপহৃত হিমেল চাকমা যুবক্কেকে (৫৫) ছেড়ে দিয়েছে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার দুপুরের দিকে অপহৃত যুবক্কে চাকমাকে এক লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসীরা। তবে নগদ পঞ্চাশ হাজার টাকা আর একমাস পর বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত ৯ ঘটিকার সময় লোগাং ইউনিয়নের মাছ্যছড়া পাড়ার নিজ বাড়ি থেকে ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের কমান্ডার আইসুখ, নিকোলাস ও কোয়েন এর নেতৃত্বে অপহৃত হন হিমেল চাকমা।
অপহরণের পরের দিন অর্থাৎ গত ৮ ফেব্রুয়ারি ২০২৬, লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান জয় কুমার চাকমাকে ডাকা হলে সেখানে হিমেল চাকমার অপহরণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ইউপিডিএফের নেতা কর্মীরা।
এরপর গত ১১ ফেব্রুয়ারি ২০২৬, একটি গোপন আস্তানায় ইউপিডিএফ সন্ত্রাসীরা মাছ্যছড়া এলাকাবাসীদের নিয়ে মিটিং করে। উক্ত মিটিংয়ে অপহরণের বিষয়টি স্বীকার করে তারা। তারপর গতকাল স্থানীয় মুরুব্বীদের ডেকে মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দিলে অপহৃত যুবক্কে চাকমাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তারা। কিন্তু স্থানীয় মুরুব্বীরা যুবক্কে চাকমার পরিবারের অসহায়ের কথা বলার পর ২.৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।
সর্বশেষ আজ দুপুরে নগদ ৫০ হাজার টাকা আর বাকি ৫০ হাজার টাকা একমাস পর দিতে হবে শর্তে মোট ১ লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে অপহৃত যুবক্কে চাকমাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।