রাঙ্গামাটির বালুখালি এলাকায় ব্যাপক সেনা অভিযানের প্রস্তুতি

হিল ভয়েস, ২৭ মার্চ ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন বালুখালি ইউনিয়ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযান পরিচালনার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সেনা অভিযান পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে বালুখালি ইউনিয়নের কাইন্দ্যা এলাকায় বিভিন্ন সেনা ক্যাম্প থেকে তল্পিতল্পা নিয়ে একাধিক সেনাদল একত্রিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ (২৭ মার্চ) স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বেই (২৫ মার্চ) পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের মেরাংছড়া সেনা ক্যাম্প হতে জনৈক হাবিলদার মেজরের নেতৃত্বে ২০ জনের একটি সেনাদল বালুখালি এলাকার কাইন্দ্যা জুনিয়র হাই স্কুলে এসে অবস্থান নিয়েছে।

এরপর বালুখালি ইউনিয়নের মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে জনৈক মেজরের নেতৃত্বে ২০/২২ জনের আরেকটি সেনাদল তল্পিতল্পা সহ কাইন্দ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে আসা সেনাদলটি এখনো পর্যন্ত কাইন্দ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করলেও, মেরাংছড়া সেনা ক্যাম্প হতে আসা সেনা সদস্যরা গ্রামে টহল দিচ্ছে এবং স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করছে বলে জানা গেছে।

এদিকে, আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত, বিলাইছড়ির মেরাংছড়া সেনা ক্যাম্প হতে ২৫ জনের আরেকটি সেনাদল তল্পিতল্পা সহ কাইন্দ্যা এলাকা অভিমুখে রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই অবস্থায় এলাকায় সাধারণ জুম্মদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours