হিল ভয়েস, ১০ এপ্রিল ২০২৬, রাঙ্গামাটি: আজ শুক্রবার (১০ এপ্রিল) হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে ১৯৯২ সালের ১০ এপ্রিল নিরাপত্তা বাহিনী ও সেটেলার বাঙালি কর্তৃক সংঘটিত লোগাং গণহত্যার ৩৪তম বার্ষিকীতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনু্ষ্ঠিত হয়েছে।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়া চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা প্রমুখ।
স্মরণসভার শুরুতে লোগাং গণহত্যায় নিহত ও এযাবৎকালে আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই সময় রিয়া চাকমা বলেন, লোগাং গণহত্যা আমরা নিজের চোখে না দেখলেও, ইতিহাসের দিকে তাকালে ৩৪ বছর আগে প্রশাসন-সেটেলারের যোগসাজশে সংঘটিত এই হত্যাযজ্ঞের বিভৎসতা ও নৃশংসতা গভীরভাবে অনুভব করতে পারি। সেই ভয়াবহ দিনের স্মৃতি আমাদের বারবার শোকাহত করে তোলে। পার্বত্য চট্টগ্রামের বুকে সংঘটিত সকল গণহত্যা, সাম্প্রদায়িক হামলা, জুম্ম নারীদের ধর্ষণ ও হত্যা, ভূমি বেদখল এবং উচ্ছেদের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের কোনো ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত হয়নি। ফলে জুম্ম জনগণের ন্যায়বিচার পাওয়া যেন কল্পনাতীত। তাই আমাদের অতীত ইতিহাসকে গভীরভাবে অনুধাবন করা জরুরি।
তিনি আরও বলেন, সকল প্রকার নিপীড়ন-নির্যাতন থেকে মুক্তি পেতে হলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের আন্দোলন এগিয়ে নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই।
সজল চাকমা বলেন, আমরা একটি নিপীড়িত ও শোষিত জাতি; সেই বাস্তবতায় আমাদের মা-বোনেরা আরও বেশি নির্যাতনের শিকার হন। এই নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে জুম্ম জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল দীর্ঘ ২৪ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফল। সেই সংগ্রামের মাধ্যমেই অর্জিত চুক্তির পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হতে পারে।
তিনি বলেন, দুঃখজনকভাবে চুক্তির ২৮ বছর অতিক্রান্ত হতে চললেও এর বাস্তবায়নে কোনো কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। এ সময় তিনি অতীতের বেদনাদায়ক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য সুষ্টি চাকমা।
+ There are no comments
Add yours