পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের ২০তম কেন্দ্রীয় সম্মেলন ও ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

হিল ভয়েস, ০১ মার্চ ২০২৬, চট্টগ্রামঃ ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসুন’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০তম কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল।

গত শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামের রেশমি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।

সম্মেলনের তৃতীয় অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির মাধ্যমে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে জগৎ জ্যোতি চাকমা সভাপতি, সন্তোষ কুমার চাকমা সাধারণ সম্পাদক এবং প্রসেনজিৎ চাকমা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক শ্রী শরৎজ্যোতি চাকমা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জুয়েল চাকমা বলেন, পার্বত্য চুক্তির দুই যুগের অধিক সময় পার হলেও মৌলিক ধারাগুলো এখনো অবাস্তবায়িত। জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নেই। জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও ভূমি কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থবির হয়ে আছে। এই কঠিন বাস্তবতায় অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্র ও যুব সমাজকে গভীর ভাবে উপলব্ধি করতে হবে এবং আন্দোলনে সামিল হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শরৎজ্যোতি চাকমা বলেন, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরাম হাঁটি হাঁটি পা পা করে ২২ বছর পূর্ণ করল। এই সংগঠন থেকে জুম্ম জনগণ তাদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে এই সংগঠনের দিকে তাকিয়ে থাকে। আমাদের শোষণ-নিপীড়ন থেকে মুক্তির পথ খুঁজতে হবে এবং তরুণ প্রজন্মকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিদায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি ডিসান তঞ্চঙ্গ্যা তাঁর দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি বিদায় নিচ্ছি, এই বিদায় ক্ষণিকের বিদায়, এই বিদায় আরও অভিজ্ঞতা অর্জনের বিদায়। এই পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সাথে আমার দীর্ঘ ১৬ বছরের পথ চলা। আমি যেখানেই থাকি সবসময় পার্টির সাথে থাকবো এবং জুম্ম জনগণের অধিকার আদায়ে সব সময় সক্রিয় থাকব।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি সুকর্না চাকমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান বাস্তবতায় পার্বত্য চুক্তি বাস্তবায়নই পাহাড়ের সংকটের একমাত্র সমাধান। নতুন কমিটি এই লড়াইকে আরও বেগবান করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি তিনটি অধিবেশনে বিভক্ত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসেনজিৎ চাকমা, রাসেল চাকমা, সোনাবি চাকমা ও জ্যোতিময় তঞ্চঙ্গ্যা। এতে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের বিভিন্ন থানা ও ইউনিট কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবশেষে নবনির্বাচিত সভাপতি শ্রী জগৎ জ্যোতি চাকমা তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

More From Author

+ There are no comments

Add yours