পালংখালীতে এক চাকমা কিশোরীকে অপহরণ ও ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি

হিল ভয়েস, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, বিশেষ প্রদিবেদক: কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৬ নং পালংখালী ইউনিয়নে গত ১৯ জানুয়ারি (শনিবার) রাত ৩:৩০ ঘটিকার সময়ে ইউপি সদস্য কামাল উদ্দিনের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল লক্ষীমায়া চাকমা (১৭) এক আদিবাসী চাকমা কিশোরী অপহরণের শিকার হয় বলে জানা যায়।

অপহরণকারীর পরিচয়- কামাল উদ্দিন (৩৬), পিতা: মোঃ কালিমউল্লাহ বলি, মাতা: মৃত মালেকা বেগম, স্ত্রী: তৈয়বা বেগম, সাং-উত্তর রহমতের বিল, ৩ নং ওয়ার্ড, ৫ নং পালংখালী ইউপি, গ্রাম: থাইংখালী, থানা: উখিয়া, কক্সবাজার।

ভুক্তভোগী পরিবারের সূত্র মোতাবেক, এক মাস হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি উক্ত কিশোরী। উল্টো ঘটনার বিচার চাইতে গেলে ভুক্তভোগী পরিবারকে হাত-পা কেটে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।

এই সময় ভুক্তভোগীর পিতা জানান, ঘটনার বিচার চাইতে গেলে থানায় পুলিশের সামনে কামাল মেম্বার আমাদেরকে হাত কেটে দিবো, পা কেটে দিবো ও আমাদের চাকমাদের গালি গালাজ এবং আমাকে কি করতে পারেন করেন বলেও হুঁশিয়ারি প্রদান করেন। আমার সাথে কি শত্রুতা আছে আমি জানিনা। আমি তার কোনো ক্ষতি করিনি। আমার মেয়েকে কি কারণে সে অপহরণ করেছে জানিনা।

ভুক্তভোগীর বড় ভাই বলেন, ইউপি সদস্য কামালের নেতৃত্বে ৫-৬ জন আমার বোনকে অপহরণ করেছে। এরপর আমরা থানায় একটি জিডি করি। তারপর থেকে আমাদেরকে পা কেটে দেবো, হাত কেটে দেবো বলে নানা জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে । আমার বোনকে এক মাস হয়ে গেছে অপহরণ করে নিয়ে গেছে কিন্তু এখনো জানতে পারছিনা কোথায় নিয়ে গেছে, বেঁচে আছে নাকি মরে গেছে। প্রশাসনের কাছে আমরা বিচার চাই যেন আমার বোনকে যত দ্রুত সম্ভব উদ্ধার করা হোক।

বিভিন্ন সূত্রে জানা গেছে যে, উক্ত কামাল উদ্দিন এক সময় মাদক কারবারি করতো। তার নামে রয়েছে অর্ধশতাধিক মাদক কারবারির মামলা। বর্তমানে মাদক কারবারি থেকে জনপ্রতিনিধি হয়েছেন।

More From Author