হিল ভয়েস, ১২ মার্চ ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ইউপিডিএফ সন্ত্রাসী বাহিনী কর্তৃক এক সাধারণ গ্রামবাসীকে অপহরণ ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১১ মার্চ ২০২৬, বুধবার সকালে বাবুছড়া নতুন বাজার এলাকা থেকে উক্ত ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী ব্যক্তি পরবর্তীতে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম শান্তিপ্রিয় চাকমা (৪০), পিতা: জগবন্ধু চাকমা। তিনি দিঘীনালা ৫নং বাবুছড়া ইউনিয়নের আঝাছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে শান্তিপ্রিয় চাকমা বাবুছড়া নতুন বাজারে ব্যক্তিগত কাজে যান। এসময় ইউপিডিএফের চীফ কালেক্টর নয়ন এবং প্রেমরঞ্জন চাকমা ওরফে কানা প্রেম এর নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র কর্মী তাকে জোরপূর্বক বাজার থেকে তুলে নিয়ে যায়।
অপহরণের পর তাকে মুড়োগোড়া নামক এলাকায় একটি সরকারি পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়। সেখানে তাকে জেএসএসের সহযোগী হিসেবে কাজ করার ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বেদম মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রটি আরও জানান, উক্ত ভবনে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তবে দিবাগত রাতে শৌচাগারে যাওয়ার সুযোগে তিনি কোনোক্রমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই ইউপিডিএফ নিজেদের অপকর্ম ঢাকতে উল্টো জেএসএসের বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। ভুক্তভোগী শান্তিপ্রিয় চাকমার পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এবং ইউপিডিএফের এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
এই ঘটনায় বাবুছড়া ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।