হিল ভয়েস, ১ এপ্রিল ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গরু-ছাগল ব্যবসার বার্ষিক লাইসেন্স (পাস) বাবদ দাবিকৃত চাঁদার টাকা কম দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত পন্থীর কালেক্টর কর্তৃক দুই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে।
আজ সকাল আনুমানিক ১০টার দিকে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের কালেক্টর বিকাশ ত্রিপুরা দুই ব্যবসায়ী নয়ন ত্রিপুরা, পিতা- পতি কামিনী ত্রিপুরা, গ্রাম- তৈমাতাই ৩নং রাবার বাগান এবং অন্তর ত্রিপুরা, পিতা অজ্ঞাত, গ্রাম খাগড়াপাড়া নামের দুই যুবককে গতকালের মধ্যে বার্ষিক ৫,০০০ টাকার বিনিময়ে পাস কাটার জন্য ডেকে পাঠান। পারিবারিক কাজ থাকায় ভুক্তভোগী দুই যুবক গতকাল যেতে পারেননি।
আজ সকাল ১০টার দিকে ওই দুই যুবক গুইমারার দেওয়ান পাড়া এলাকার কালেক্টর বিকাশ ত্রিপুরার সাথে দেখা করতে যান। এসময় কালেক্টর বিকাশ ত্রিপুরা গরু-ছাগল ব্যবসার বার্ষিক লাইসেন্স টোকেনের জন্য ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টোকেন কাটার সময় কালেক্টরকে ৪ হাজার টাকা প্রদান করে, বাকি ১ হাজার টাকা তাৎক্ষণিক দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওই কালেক্টর দুই যুবককে বেত্রাঘাত করে।
এই ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
+ There are no comments
Add yours