আদিবাসী নারীর উপর সহিংসতা ও উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

হিল ভয়েস, ১২ মার্চ ২০২৬, ঢাকা: টাঙ্গাইলের মধুপুরে চাঁদপুর রাবার বাগান কর্তৃপক্ষ ও আনসার সদস্য কর্তৃক আদিবাসী নারী ও শিশুর উপর নিপীড়ন, বসতভিটা ভাঙচুর, প্রাণবৈচিত্র্য ধ্বংস করে কৃত্রিম লেক খনন ও সিলেটের খাদিমনগরে ১৫ টি গারো পরিবার উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে গত ১১ মার্চ বুধবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আদিবাসী ছাত্র যুব ও নারী সংগঠনসমূহ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি টনি ম্যাথিউ চিরান। এতে শুভেচ্ছা রাখেন, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক জানকী চিসিম।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মেইনথিন প্রমীলা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস এর কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় নারী সম্পাদক অনন্যা দ্রং, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ সভাপতি নাঈম উদ্দিন, গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক পায়া ম্রো, হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ঢাকা মহানগর শাখার সভাপতি সৃজন মৃ, হাজং স্টুডেন্ট কাউন্সিল এর সদস্য সচিব নাঈম হাজং, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সদস্য জেসান মান্দা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গারো পরিবারে ভাঙচুর হামলা ও আদিবাসী নারীর উপর সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান। প্রাণ প্রকৃতি ধ্বংস করে মধুপুরে বন বিভাগ কর্তৃক কৃত্রিম লেক খনন প্রকল্প বাতিলসহ সকল তথাকথিত উন্নয়ন বন্ধের দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ। এছাড়াও সিলেটের খাদিমনগরে ১৫টি গারো পরিবারকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদও জানান উপস্থিত নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণমানুষের মুক্তির আন্দোলনে আদিবাসীরা বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত ছিল। কিন্তু স্বাধীনতার এতো বছর পরে এসেও আমাদের আদিবাসীদের মৌলিক অধিকার ও নিরাপত্তার জন্য আন্দোলন করতে হচ্ছে। এদেশে দীর্ঘদিন ধরে আদিবাসীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে আসলেও সরকার থেকে আদিবাসীদের প্রতি আন্তরিক ও সহযোগিতাপূর্ণ আচরণ পাওয়া যায়নি।

আদিবাসীদের সকল সমস্যা সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিকতার সাথে আদিবাসীদের সাথে অর্থপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী দিনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আগামী দিনে পাহাড় ও সমতলের আদিবাসীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

More From Author

+ There are no comments

Add yours