হিল ভয়েস, ১০ এপ্রিল ২০২৬, ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর গত তিন মাসে সারা দেশে পূর্বেকার মত সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত ছিল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ কর্তৃক বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ- এ তিন মাস সময়কালে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ১৩৩টি। এর মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনা ৪টি, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ৩৫ টি এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলাসহ অন্যান্য ৬৯টি।
২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৪৬টি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা: ১১টি, ধর্ষণ: ১টি, মন্দিরে হামলা: ৯টি, আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা: ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা: ১৫টি, ভূমি দখল: ৩টি, চাঁদাবাজি: ১টি এবং অন্যান্য: ৫টি।
২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে মোট ৫০টি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা: ৮টি, ধর্ষণ: ১টি, মন্দিরে হামলা: ১৫টি, ধর্ম অবমাননার অভিযোগ: ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা: ১৭টি, ভূমি দখল: ৬টি, অপহরণ: ১টি এবং অন্যান্য: ১টি।
২০২৬ সালের মার্চ মাসে মোট ৩৭টি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা: ৬টি, ধর্ষণ/যৌন হয়রানি: ২টি, মন্দিরে হামলা: ১১টি, ধর্ম অবমাননার অভিযোগে হামলা: ১টি, আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা: ১টি, হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা: ৭টি, ভূমি দখল: ৪টি এবং অন্যান্য: ৫টি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশা করেছিল, বিএনপি’র নেতৃত্বাধীন সরকার গঠনের পর এ ধরণের হামলার ঘটনা তেমন ঘটবে না। কিন্তু এতদসত্ত্বেও এ ঘটনা অব্যাহত থাকায় সংখ্যালঘুরা উদ্বিগ্ন ও শঙ্কিত। পরিষদ উল্লেখিত এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিদান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ (আট) দফা দাবি পূরণের জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
+ There are no comments
Add yours