লংগদুতে সেটেলার বাঙালিদের কর্তৃক জুম্মদের ভূমি বেদখলের ষড়যন্ত্র

হিল ভয়েস, ৩ এপ্রিল ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার চাইল্যাতলী মৌজার অন্তর্গত ৫নং চাইল্যাতলী ইউনিয়নে মৌজার হেডম্যানের জায়গায় সেটেলার বাঙালিদের ভূমি বেদখলের ফলে সৃষ্ট জটিলতায় প্রশাসন কর্তৃক উক্ত জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হলেও সেটেলার বাঙালিরা আবার উক্ত জায়গা বেদখলের ষড়যন্ত্র শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

গত ৩১ মার্চ থেকে গতকাল (২ মার্চ) পর্যন্ত ঐ বিরোধপূর্ণ জায়গায় নিষেধাজ্ঞা লংঘন করে সেটেলার বাঙালিরা দলেবলে এসে বেদখলের উদ্দেশ্যে জঙ্গল পরিষ্কার করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের জায়গা ও তৎসংলগ্ন জাল বাজ্যমাছড়া এলাকায় বর্তমানে বিরোধপূর্ণ উক্ত জায়গাটি একসময় জুম্মরা যুগ যুগ ধরে ভোগদখল করে আসছিল। পরে ১৯৭৯-৮০ সালের দিকে সরকারের পৃষ্টপোষকতায় সমতল জেলা থেকে লংগদুতেও বহিরাগত সেটেলার বাঙালি বসতিপ্রদান করা হলে ওই সেটেলাররা জুম্মদের ঐ ভূমি বেদখল করে এবং বেদখলের চেষ্টা চালায়।
এ নিয়ে ২০০৫ সালের দিকে স্থানীয় জুম্ম ও সেটেলার বাঙালিদের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় সংশ্লিষ্ট মৌজার হেডম্যান বিন্দু ময় চাকমা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে কানুনগো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন এবং সরেজমিন তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

এর প্রেক্ষিতে তদন্ত কমিটির সদস্যগণ সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার, লংগদু-এর বরাবরে একটি তদন্ত প্রতিবেদন প্রদান করেন। এই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে উপজেলা প্রশাসন উক্ত বিরোধ সমাধানের জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন এবং এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার যুক্তি দিয়ে উক্ত বিরোধপূর্ণ জায়গায় লাল পতাকা উড়িয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য উভয়পক্ষকে নির্দেশ জারি করেন।

কিন্তু জুম্মরা উপজেলা প্রশাসনের এই নিষেধাজ্ঞা মেনে চললেও, সেটেলার বাঙালিরা প্রায় সময়ই তা ভঙ্গ করে চলেছেন। প্রতি বছর কোনো না কোনোভাবেই উক্ত জায়গাটি জবর-দখল করার জন্য তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

গত তিন দিন (৩১ মার্চ-২ এপ্রিল) ধরে মোঃ মোস্তফা (৫৪), পিতা-মোঃ ছৈয়ত আহম্মদ ও মোঃ আব্দুল রহিম (৪২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, উভয়ের ঠিকানা- পূর্ব চাইল্যাতলী, ৮নং ওয়ার্ড, ৫নং ভাসান্যাদম ইউনিয়ন, লংগদু এর নের্তৃত্বে ১২/১৪ জনের সেটেলার বাঙালিদের একটি দল উক্ত জায়গায় একতরফাভাবে জঙ্গল কর্তন করে চলেছেন। যা জুম্ম গ্রামবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

জুম্ম এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি স্থানীয় মুরুব্বী এবং বিজিবি ক্যাম্প কমান্ডারকে অবগত করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেটেলাররা তাদের কাজ বন্ধ করেনি বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, সেটেলার বাঙালিদের মধ্যে নাকি এই মর্মে গোপন আলোচনা ও পরিকল্পনা হয়েছে যে, তারা উক্ত জায়গাসহ আশেপাশের জুম্মদের সব খালি জায়গাগুলো কর্তন করে তাদের মধ্যে ভাগাভাগি করবে এবং সাথে সাথে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসতি স্থাপন করবে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ না হলে আবার উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

More From Author

+ There are no comments

Add yours