মাটিরাঙ্গায় যৌথবাহিনীর ব্যাপক সামরিক অভিযান, চুক্তির পক্ষের লোকদের উপর গুলিবর্ষণ

হিল ভয়েস, ১৬ মার্চ ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানিক্কাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর ব্যাপক সামরিক অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে।

সামরিক অভিযানের সময় যৌথবাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী এলাকায় থাকা পার্বত্য চুক্তির পক্ষের লোকদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড মর্টার শেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে বলে জানা যায়।

মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: মাসুদ খান ও মাটিরাঙ্গা জোনের কর্মকর্তা মোঃ ফারুক এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও আনসার এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার সকাল আনুমানিক ১০:৩০টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন থেকে সেনাবাহিনীর একটি দল, মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধীনে পরিচালিত তানিক্কাপাড়া ভিওপি ক্যাম্প বিজিবির একটি দল এবং মাটিরাঙ্গা আনসার ক্যাম্প থেকে আনসারের একটি দল যৌথভাবে তাইন্দং ইউনিয়নের তানিক্কাপাড়া নামক স্থানে প্রথমে ড্রোন উড়িয়ে এলাকা পর্যবেক্ষণ করে। এরপর তারা তানিক্কাপাড়ার আরেকটি এলাকায় অবস্থান করা চুক্তির পক্ষের লোকজনদের লক্ষ্য করে বেশ কিছুক্ষণ মর্টার শেল নিক্ষেপ ও ব্রাশফায়ার করে বলে জানা যায়।

উক্ত ঘটনায় আশপাশের এলাকার সাধারণ জুম্মদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে ঐ এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours