রাজদ্বীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হিল ভয়েস, ১৪ মার্চ ২০২৬, রাঙ্গামাটি: গতকাল শুক্রবার(১৩ মার্চ) রাঙ্গামাটি সদরস্থ রাজদ্বীপ খেলার মাঠে রাজদ্বীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ চাকমা, রাজদ্বীপ এলাকার কার্বারী ভাগ্যচন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক অরুণ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জগদীশ চাকমা প্রমুখ।

এই সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজদ্বীপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক রতন ময় চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে, শরীরকে সুস্থ রাখে এবং তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। খেলাধুলা তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করে। মাঠে প্রতিযোগিতা থাকলেও খেলাধুলা মানুষকে একে অপরের প্রতি সম্মান দেখাতে শেখায় এবং দলগত চেতনা গড়ে তোলে। খেলাধুলা, শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে একত্রিত করে এবং তাদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করে। বর্তমান সমাজে মাদক একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং একটি জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং এর থেকে দূরে থাকতে হবে। তিনি উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সবসময় ছাত্র সমাজকে মাদক থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে আসছে এবং সুস্থ ও সচেতন সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করছে।

বক্তারা আরো বলেন, ছাত্র সমাজ একটি জাতির অগ্রগতির প্রধান শক্তি। জাতির যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্র সমাজই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই বর্তমান সময়েও ছাত্র সমাজকে সচেতন, দায়িত্বশীল ও সংগঠিত হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে জাতপ্রেম, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি কর্তব্যবোধ জাগ্রত করতে হবে।

গত ২৫ ফেব্রুয়ারি হতে আরম্ভ হওয়া এই টুর্নামেন্টে রাজদ্বীপ এলাকার ছাত্র ও যুবকদের মধ্যে ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সমৃদ্ধ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এস পি কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

More From Author