মানিকছড়িতে এক মারমা গৃহবধূকে কুপিয়ে হত্যা

হিল ভয়েস, ১০ মার্চ ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার বড়বিল নামক এক গ্রামে রাম্রা মারমা (৪১) নামে এক আদিবাসী গৃহবধূ অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক কুপিয়ে হত্যার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসীর ধারণা, গতকাল (৯ মার্চ) মধ্যরাতে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি ওই নারীর নিজ বাড়িতেই ঘটেছে এবং রাতে বাড়িতে শুধু রাম্রা মারমা ও তার মেয়ে ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, আজ (১০ মার্চ) সকালে ওই ভুক্তভোগী নারীর মেয়ে ঘুম থেকে ওঠার পর মাকে খুঁজতে রান্নাঘরে গিয়ে কম্বল মোড়ানো অবস্থায় মাকে দেখতে পায়। মেয়ে কম্বল সরাতে গিয়ে মাকে মৃত অবস্থায় দেখতে পায়।

মায়ের মৃতদেহ দেখে মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেয়। এতে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। এসময় মৃত রাম্রা মারমার মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাত দেখতে পাওয়া যায়।

সকালে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গেছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours