হিল ভয়েস, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাঙ্গামাটি: “সকল ষড়যন্ত্র প্রতিহত করে ইস্পাত-দৃঢ় জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন”—এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা শাখার ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিতা চাকমাকে সভাপতি এবং রিনা চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের উদ্যোগ রিসোর্স সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির বিদায়ী সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবিনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, “শাসকগোষ্ঠী জুম্মদের মানুষ হিসেবে গণ্য করে না। আমরা সবসময় এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিনযাপন করছি। পুরুষতান্ত্রিক ও সামন্তীয় সমাজব্যবস্থায় জুম্ম নারীদের বঞ্চনার অবসান ঘটাতেই মহিলা সমিতির জন্ম। কেউ আমাদের অধিকার থালায় সাজিয়ে দেবে না, সংগ্রাম করেই তা ছিনিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, আন্দোলনের ফলে জুম্ম সমাজে নারী-পুরুষের বৈষম্য কিছুটা কমলেও রাজনৈতিক বাস্তবতায় নারীদের আরও সক্রিয় হতে হবে। আত্মমুখিনতা ও দ্বিধা ঝেড়ে ফেলে দক্ষ সংগঠক হিসেবে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি মনি চাকমা বলেন, তৃণমূল পর্যায় থেকে জনগণকে সুসংগঠিত করে আন্দোলন জোরদার করতে হবে। কর্মীদের গুণগত দক্ষতা বৃদ্ধি এবং আত্মবলিদানের মানসিকতা নিয়ে মাঠে থাকার শপথ নিতে হবে।
সুমিত্র চাকমা তরুণ প্রজন্মের মধ্যে বিরাজমান হতাশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জুম্ম নারীদের শিক্ষিত ও অধিকার সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী উলিসিং মারমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি সুমন চাকমা পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অনীহার সমালোচনা করেন এবং আন্দোলনকে বেগবান করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণের আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় রিতা চাকমা সভাপতি, রিনা চাকমা সাধারণ সম্পাদক এবং মালবিকা দেওয়ান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
২৭ সদস্য বিশিষ্ট এই নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক শ্যামা চাকমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ-সাধারণ সম্পাদক আশিকা চাকমা।