নির্বাচনের পূর্বে নিরাপত্তাহীনতার শঙ্কা সংখ্যালঘুদের আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে: ঐক্য পরিষদ

হিল ভয়েস, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতি মাধ্যমে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

প্রেস বিবৃতিতে সংগঠনটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে গত ৯ ফেব্রুয়ারী রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকার স্বনামধন্য চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে দুর্বৃত্তের দল কুপিয়ে হত্যা করেছে। এর পাশাপাশি তাঁর গুদামে থাকা ব্যবসার ১৫ লক্ষ টাকাও লুট করে নিয়ে গেছে তারা। নির্বাচনের পূর্বে চলমান সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকার এক পর্যায়ে এহেন লোমহর্ষক ঘটনা সংখ্যালঘু জনমনে নিরাপত্তাহীনতার শঙ্কা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মনে করে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রদত্ত বিবৃতিতে এ মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলসমূহের কাছ থেকে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন-সম্পদ-সম্ভ্রম রক্ষার কোনরূপ নিশ্চয়তা অদ্যাবধি নিশ্চিত না হওয়ায় বা এসব ঘটনা রহস্যজনকভাবে উপেক্ষিত হওয়ায় আসন্ন নির্বাচনে তার নেতিবাচক প্রতিফলন ঘটার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে নিহতের পরিবারের গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ বাবদ পরিবারকে এককালীন ৫ (পাঁচ) কোটি টাকা প্রদানের এবং ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের কাছে পরিষদ জোর দাবি জানিয়েছে।

More From Author