হিল ভয়েস, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদক: অপহরণের ৫ দিন হলেও খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের আওতাধীন মাছ্যছড়া নিবাসী অপহৃত হিমেল চাকমা যুবক্কে (৫৫) নামে এক সাধারণ গ্রামবাসীকে এখনো ছেড়ে দেয়নি ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ এর ঘোড়া প্রতীকের প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে ভোট দিতে মাছ্যছড়া গ্রামবাসীকে নানা চাপ ও হমকি দিয়ে আসছিল ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা। বিশেষ করে, হিমেল চাকমার পরিবারকে তারা চাপ দিয়ে আসছিল। আর একপর্যায়ে, ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা হিমেল চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
জানা গেছে, অপহরণের পরের দিন অর্থাৎ গত ৮ ফেব্রুয়ারি লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান জয় কুমার চাকমাকে ডাকা হয় ইউপিডিএফ-এর তরফ থেকে। কিন্তু সেখানে হিমেল চাকমার অপহরণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ইউপিডিএফের নেতা কর্মীরা।
এই সময় স্থানীয় দুই জনপ্রতিনিধি অপহরণের সময় ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী দলে কারা কারা ছিল সমস্ত কিছু বিস্তারিত বলার পরেও ইউপিডিএফ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে জানা যায়।
উল্লেখ্য যে, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকার সময় লোগাং ইউনিয়নের মাছ্যছড়া পাড়ার নিজ বাড়ি থেকে ইউপিডিএফ’র (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের কমান্ডার আইসুখ, নিকোলাস ও কোয়েন এর নেতৃত্বে অপহৃত হন হিমেল চাকমা। অপহৃত হিমেল চাকমাকে ইউপিডিএফ সন্ত্রাসীরা হেদারাছড়ার দিকে নিয়ে যায়। তবে অপহরণের ৫ দিন পরও তাকে কোথায়, কিভাবে রাখা হয়েছে তার খবর এখনো পাওয়া যায়নি।
গ্রামবাসীদের ভাষ্যমতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিতে গ্রামবাসীদের বাধ্য করতে এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টির উদ্দেশ্যে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ এই অপহরণের মতো জঘন্য কাজটি করেছে।
+ There are no comments
Add yours